নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ৭ নভেম্বরের ওই দুর্ঘটনায় আরও ছয় বাংলাদেশি আহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।
রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এক বার্তায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশের বিষয়টি জানান। পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তারেক রহমান নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। দুর্ঘটনায় আহত ছয়জনের দ্রুত ও পূর্ণ সুস্থতাও কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।